
নিজস্ব প্রতিবেদকঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টাসহ সমসাময়িক নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এসব বিষয়ে আলোচনা করেন। বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ী প্রকল্প ও এ বিষয়ে জাপানের সঙ্গে চুক্তি, গঙ্গা চুক্তি নবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটি এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশের বিষয়েও আলোচনা করেন সংসদ সদস্যরা। সরকারিআদেশ দেখুন
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসেরও চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিবেদকের নাম 






















