
মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি: “করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহম্মেদ পাশা, বিএনপি নেতা আকতার আলম সেলিম, সমবায়ী রাজু আহম্মেদ ও মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বাবলম্বী হওয়া এবং বেকারত্ব দূরীকরণে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সমবায়ের সঠিক চর্চা ও ব্যবস্থাপনার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















