
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৫ দিন। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর অন্যতম প্রধান বাস টার্মিনাল ও কাউন্টার এলাকাগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাজধানী ধোলাইপাড় এলাকায় বরিশালসহ দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চোখে পড়ার মতো চাপ তৈরি হয়েছে।
আজ সকাল থেকেই ধোলাইপাড় বিভিন্ন কাউন্টারে বরিশাল, বাউফল, শিবচর ও পটুয়াখালীগামী যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে এসেছে। যেখানে আগে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো, এখন মাত্র কয়েক ঘণ্টাতেই মানুষ ঢাকা থেকে বরিশাল পৌঁছাতে পারছে। যাতায়াত সহজ হওয়ায় এবার বাসে বাড়ি ফেরার প্রতি মানুষের আগ্রহ অনেকটাই বেশি।
তবে যাতায়াত সহজ হলেও যাত্রীদের মনে এক ধরণের শঙ্কা কাজ করছে টিকিট ও ভাড়া নিয়ে। কাউন্টারে টিকিটের অপেক্ষায় থাকা একাধিক যাত্রী অভিযোগ করেন, ঈদের সুযোগ নিয়ে অনেক সময়ই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করা হয়।
ধোলাইঘাটে বাউফল ও বরিশালগামী বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের একটাই প্রধান দাবি— “সরকার নির্ধারিত সঠিক মূল্যে যেন টিকিট বিক্রি করা হয় এবং কোনোভাবেই যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়।” তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছুটির দিন হওয়ায় হঠাৎ যাত্রীর চাপ বেড়েছে, তবে তারা সাধ্যমতো টিকিট দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে সাধারণ যাত্রীদের প্রত্যাশা, এবারের ঈদযাত্রা যেন কোনো ধরনের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার নৈরাজ্য ছাড়াই নির্বিঘ্ন হয়।
প্রতিবেদকের নাম 



















