
রাব্বী রহমান নীলফামারী, জেলা প্রতিনিধি:
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র প্রদান এবং প্রশিক্ষণ ভাতা সহ এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (০৫ জুলাই ২০২৬) দুপুর ১২টায় শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, জেলা প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, হাসপাতাল সমাজসেবা অফিসার নুর নাহার নুরী, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম। এবারের প্রশিক্ষণে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ব্লক-বাটিক ট্রেডে ১৪ জন নারী এবং রেফ্রিজারেশন মেরামত ট্রেডে ১১ জন পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ৫০০ টাকা হারে ১৫ দিনের প্রশিক্ষণভাতা প্রদান করা হয়। পাশাপাশি তাদের জন্য প্রতিদিন নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রপাতিও বিতরণ করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদের পুর্নবাসিত করার লক্ষে প্রশিক্ষণ শেষে এককালীন ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয় এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বর্তমান সময়ে শুধু শিক্ষিত হলেই হবে না, দক্ষ হতে হবে। নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যারা আনস্কিলড থাকে, তারা কর্মক্ষেত্রে তুলনামূলক কম সম্মান ও কম বেতন পায়। অন্যদিকে দক্ষ জনশক্তির চাহিদা, সম্মান ও বেতন—সবই বেশি। তাই আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণী ও অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে, যাতে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও সমাজসেবা অধিদপ্তরের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















