
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুবর্ণচর উপজেলা সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি হুমায়ুন কবির। এ সময় বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে উত্থাপিত ৬ দফা দাবি হলো—১. অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জনাব জহির হোসেনকে অনতিবিলম্বে পদত্যাগ/অপসারণ করতে হবে। ২. ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ (Board of Directors) গঠন করতে হবে। ৩. এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২% শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ করতে হবে এবং মূল উদ্যোক্তা/আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।
৪. ব্যাংকের পরিচালনা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে। ৫. ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে শনাক্ত করে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে। ৬. ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে সভাপতি বলেন, গ্রাহকদের স্বার্থ ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















