
ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের মালসাপাড়া পৌর কবরস্থানে তাঁর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ, বৃক্ষরোপণ এবং বাদ জোহর রান্না করা খাবার বিতরণ করা হয়। পরে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ ও মরহুমের পরিবারের উদ্যোগে কবরস্থান প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ড্যাবের সভাপতি ও স্মৃতি সংসদের উপদেষ্টা ডা. এম. এ. লতিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতারুজ্জামান আখতার ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তফা জামান। আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর থানা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল,
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, নব কুমার কর্মকার, অধ্যাপক ওহেদুজ্জামান মিনু, কামরুজ্জামান, তারিকুজ্জামান টরিক, নিয়ামুল হাকিম সাজু, শফিউল আলম ডলার ও খোরশেদ আলম মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে ডা. এম. এ. লতিফ বলেন, মরহুম মির্জা মোরাদুজ্জামান ছিলেন সৎ, জনদরদি ও গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রতিবেদকের নাম 


















