
আঃ জলিল উপজেলা প্রতিনিধি শ্রীপুর মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডীখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত মোঃ আমিরুল মোল্লা (৫০) কে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাগুরা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর ভেবে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।১৭ জুলাই শুক্রবার রাত ২ ঘটিকায় ঢাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত আমিরুল ইসলাম মোল্লা চন্ডীখালী গ্রামের আবু তালেব মোল্লার ছেলে।
মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চন্ডীখালী গ্রামে ভোর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের আশঙ্কা করা হলেও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টায় চন্ডীখালী গ্রামে সামাজিক বিরোধের জেরে আমিরুল ইসলাম মোল্লাকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি আঘাত করে। হামলার নেতৃত্ব দেয় একই গ্রামের তবিবর (৫০) ও তার ছেলে আবুজার (২২) সহ আরও কয়েকজন। এ ঘটনায় গুরুতর আহত আমিরুল মোল্লাকে বাঁচাতে পরিবার ও স্থানীয়রা এগিয়ে আসেন। এই হামলার বিষয়ে থানায় একটি ইনসিডেন্ট রিপোর্ট জমা দেওয়া হয় এবং পরবর্তীতে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
শ্রীপুর থানার ওসি ওলি মিয়া বলেন -আমিরুল মোল্লার মৃত্যুর পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 



















