
আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আজ শনিবার (১৮ জুলাই) ২৪ ঘণ্টা ধরে অবিরাম মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। অসময়ের এই টানা বৃষ্টিপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একটানা বৃষ্টির কারণে আটোয়ারী উপজেলা ফকিরগঞ্জ বাজারসহ বিভিন্ন গ্রামীণ হাটে ক্রেতাদের সমাগম একেবারেই নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা না থাকায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, বৃষ্টিতে ক্রেতা না আসায় অনেক পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে তাদের গুনতে হচ্ছে লোকসান। এদিকে বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন ভ্যান ও রিকশাচালক, দিনমজুর এবং নির্মাণ শ্রমিকেরা।
রাস্তাঘাটে লোক চলাচল সীমিত হয়ে পড়ায় ভ্যানচালকদের আয় থমকে গেছে। উপজেলার রানীগঞ্জ দোহশুহসহ বিভিন্ন নিচু এলাকায় সাময়িক জলজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান আটোয়ারীতে মোট ছয়টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে বলরামপুর ইউনিয়নে সব থেকে কাঁচা রাস্তা বেশি কাঁচা রাস্তা বেশি থাকার কারণে, এই টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে গ্রামীণ ও শহরের রাস্তাগুলো কাদাপানিতে একাকার হয়ে গেছে। শ্রমজীবী মানুষ কাজে বের হতে না পারায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন। বৃষ্টি এভাবে আরও চললে দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিবেদকের নাম 


















