
মো: আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কাঠবোঝাই টমটম ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের শিমলাপাড়া হোন্ডা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শেখ নড়াইল সদর উপজেলার দক্ষিণ বাঘডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি শ্রীপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈর থেকে মাওনাগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাওনা থেকে ফুলবাড়িয়াগামী কাঠবোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন,
আহত হন আরও কয়েকজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও নিহতের লাশ উদ্ধার করেন।
মাওনা চকপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শাহিনুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















