
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালিত হয়।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, চণ্ডিদার, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা অবৈধ পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় বাজি, বাসমতি চাল, ফুসকা, গরু, স্কিন সাইন ক্রিম, সিল্ক শাড়ি, গ্রাইপ ওয়াটার, লোশন, রেডবুল এনার্জি ড্রিংকস, তালমিছরি, গাঁজা, মদ, ইজিবাইক ও সিএনজি।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৩১ হাজার ৬০০ টাকা। বিজিবি জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে সুলতানপুর ব্যাটালিয়নের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে বিজিবি মহাপরিচালকের ঘোষণা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই স্লোগানকে সামনে রেখে ব্যাটালিয়নটি নিয়মিত কাজ করে যাচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















