
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, বেটিং পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তাঁর কাছ থেকে অপরাধে ব্যবহৃত দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার (০৩ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় মহারাজপুর (ফতেহপুর) এলাকায় এক অভিযান পরিচালনা করেন। মহারাজপুর এলাকার মোঃ আনিছুর রহমানের টিনসেট বিল্ডিংয়ের উত্তর দুয়ারী কক্ষে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিদ্দিক হোসেন (৩৭)। তিনি নাটোর জেলার লালপুর থানার মহারাজপুর (ফতেহপুর) গ্রামের মোঃ দুলাল ও মোছাঃ লাইলী বেগমের ছেলে।
পুলিশ জানায়, আটক সিদ্দিক হোসেন দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমো আইডি হ্যাকিং করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে অবৈধ জুয়া খেলা ও বেটিং পরিচালনা করতেন।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ (০৩ অক্টোবর ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
প্রতিবেদকের নাম 


















