
মো: আলাউদ্দীন মন্ডল
রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নের পালশা (কুড়নিপাড়া )মো. জামালের দোকান থেকে আলহাজ্ব মো. মুনতাজের বাড়ি পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন ধুরইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাধারণ জনগণ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই রাস্তার কার্পেটিং কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের স্বস্তি ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মোহনপুর, রাজশাহীর বাস্তবায়নে ‘পলশা কুড়নিপাড়া বিএমডিএ ডিপ হতে ভীমনগর (চেইন: ০০-৭৭০ মি.)’ পর্যন্ত এই সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর আগে গত ১৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) ৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন এই রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, কাজটি নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিকভাবে সম্পন্ন হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং যাতায়াতে সাধারণ মানুষের দুর্ভোগ বহুলাংশে কমে যাবে।
প্রতিবেদকের নাম 

















