
অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসব অভিযানে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন, দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই এলাকায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের লক্ষ্যে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যা, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে তারা। এরই ধারাবাহিকতায় রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর দিবাগত রাতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভাড়া বাসা থেকে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেন নামে দুজনকে আটক করা হয়। আটক দুজন সম্পর্কে ভাই-বোন।
পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে এসআরবি-৫।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলা রয়েছে।
এসআরবি-৫ আরও জানায়, একই রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন রাণীনগর হাটপাড়া এলাকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বসতবাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), চারটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি এবং অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে এসব অস্ত্র, গোলাবারুদ ও টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার প্রথম আসামি আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং গুরুতর জখমের একটি মামলা রয়েছে। দ্বিতীয় আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকা সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
এদিকে, গত ছয় মাসে এসআরবি-৫-এর অভিযানের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছে, এ সময়ে মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল এবং প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৫।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।
প্রতিবেদকের নাম 



















