
মোঃ আলমগীর হোসাইন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ। শনিবার (২০ জুন) দুপুরে ভুরুঙ্গামারী হাটের প্রধান প্রবেশপথে তিনি নিজে উপস্থিত থেকে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন যানবাহন তদারকি করা হয়। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং চালকসহ তিনজন আরোহী বহনের দায়ে এক মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সচেতন নাগরিকরা জানান, হাট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ইউএনওর সরাসরি উপস্থিতিতে পরিচালিত এ অভিযানের ফলে জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এমন নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকলে ভুরুঙ্গামারী হাট এলাকায় যানজট কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। ইউএনও অমৃত দেবনাথের এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















