
মোঃ সৈয়দ মিয়া, চট্টগ্রাম ব্যুরো: টানা কয়েক দিনের প্রবল বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া চৌকি আদালত মাঠ পানির নিচে তলিয়ে গেছে। আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে বিচারপ্রার্থী, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর প্রভাবে আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, আদালত মাঠের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত। আদালত প্রাঙ্গণে প্রবেশ ও বের হতে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আদালত চত্বরে দীর্ঘ সময় পানি জমে থাকায় বিচার কার্যক্রম পরিচালনায়ও সৃষ্টি হয়েছে নানা প্রতিবন্ধকতা।
একই বর্ষণের প্রভাবে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে অনেক এলাকার সড়ক, বসতবাড়ি ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পাশাপাশি আদালত প্রাঙ্গণের জলাবদ্ধতা বৃদ্ধি পেলে বিচার কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়বে।স্থানীয়রা দ্রুত আদালত প্রাঙ্গণের জলাবদ্ধতা নিরসন এবং বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদকের নাম 


















