
মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় প্রথমবারের মতো সফরে এসেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য মিজ্ অ্যাডভোকেট মাধবী মার্মা। রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী সফরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
রোববার সকাল ১১টায় লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং স্থানীয় জনগণের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে দুপুর ১২টায় লামা উপজেলা পরিষদ হলরুমে ‘লামা যুব টেকসই উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ সোমাইয়া আক্তার, লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু, লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, সংস্থার সদস্যসচিব বাবু মং মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকের হোসেন এবং লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. চাঁদ মিয়া।
সংসদ সদস্যের প্রথমবারের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনদুর্ভোগ নিরসন এবং শীতার্ত মানুষের সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর এই সফরের মধ্য দিয়ে লামা উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রতিবেদকের নাম 


















