
শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে বেটিং এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১:৩০ ঘটিকায় উপজেলার মঞ্জিলপুকুর গ্রামের নছিরাবিল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার মোমিনপুর গ্রামের মোঃ জাফর আলীর ছেলে মোঃ মেহেদী আলী (২৬) এবং একই গ্রামের খাইরুল দফাদারের ছেলে মোঃ রিদয় (১৮)। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আঃ জলিল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঞ্জিলপুকুর গ্রামের জনৈক আঃ গনির দোকানের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অনলাইন জুয়া ও নানা ধরনের আইডি হ্যাকিং চক্রের সাথে সরাসরি জড়িত থাকা অবস্থায় এই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ এবং জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৭/১৯/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের ১৯ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রতিবেদকের নাম 



















