
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুকের পরিচালনায় আজকের এই সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সভায় কেরানীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে এলাকায় মাদক ব্যবসা রোধ, ইভটিজিং দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং বিভিন্ন অনিয়ম কঠোর হস্তে দমনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় বক্তারা আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন মহলের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে তা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
প্রতিবেদকের নাম 



















