
লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ৩১ আগষ্ট সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে নাটোরগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-চ ৬২-০৩৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৮ যাত্রী আহত হন। ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে সাতজনই গাজীপুর জেলার বাসিন্দা।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আলমাছ আলী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার কাজ চালায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
প্রতিবেদকের নাম 


















