
জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি
ছয় দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরের নবাবগঞ্জে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মিছিল থেকে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম, উপজেলা এবি পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল ইসলাম, সেলিম রেজা ও ওবাইদুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছয় দফা গণদাবি আদায়ের আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা–রংপুর লংমার্চ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
নেতারা আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ঘোষিত ১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।
সমাবেশ থেকে লংমার্চ কর্মসূচি সফল করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
প্রতিবেদকের নাম 



















