
সাব্বির হোসেন মিদুল, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় মহাসমারোহে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ৭ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে সুফি সমাজের বিশেষ আলোচনা সভা। ৭ আগস্ট ২০২৬, শুক্রবার রাত ৯টায় ৩০ মিনিটে চট্টগ্রামের পাহাড়তলী বাজার সংলগ্ন হযরত শাহ সুফি সৈয়দ সরোয়ার শাহ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন, প্রিয় নবীজি (দ.)-এর ৩১তম পবিত্র বংশধর ও আওলাদে রাসুল, রাহবারে ত্বরীক্বত আল্লামা শাহ সুফি সৈয়দ তানবীর হাদী আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (ম.)।
আলোচনা সভায় উপস্থিত সুফি সমাজ ও মাইজভাণ্ডারী ত্বরীকার অনুসারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে আল্লামা সৈয়দ তানবীর হাদী (ম.) বলেন:
> প্রতিবছরের ন্যায় এই বছরও আগামী ৭ই রবিউল আউয়াল রোজ শুক্রবার আমরা পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর মহাসমারোহে আয়োজন করতে যাচ্ছি। এই বরকতময় আয়োজনে দেশের সকল সুফিবাদী জনতা, সর্বস্তরের আশেকে রাসুল এবং মাইজভাণ্ডারী ত্বরীকার সকল ভক্ত ও অনুরাগীদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি—আপনারা সকলে দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এই মোবারক জশনে জুলুসে শরিক হন।
তিনি আরও জানান, জুলুসের নির্ধারিত দিনে পাহাড়তলী বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এক বিশাল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিণ করে সাগরিকা রোডের সরাইপাড়া বার আউলিয়া কনভেনশন হলে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে আলোচনা সভা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, মঈনুল হাদী মাইজভাণ্ডারী যুব ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মিলাদ-কিয়াম ও বিশ্ব শান্তির কামনা করে মোনাজাতের মাধ্যমে রাত ৯টার এই বিশেষ আলোচনা সভার সমাপ্তি ঘটে।
প্রতিবেদকের নাম 

















