
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে নেমে দায়িত্ব পালন করেছে। শহীদদের যথাযথ সম্মান না দিলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে এগিয়ে আসবে না। আজ শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত শাপলা চত্বর শহীদ স্মরণ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, মে মাসের শাপলার শহীদদের সম্মানে এখানে আসতে পেরে আমি গর্বিত। শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যারা এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় বীর ও শহীদদের কীভাবে স্মরণ করি এবং সম্মান দিই, তার ওপরই একটি জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে।
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, ফ্যাসিবাদী সরকার সেই গণহত্যার ঘটনা ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে। শহীদ পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ভয় ও আতঙ্কের কারণে মুখ খুলতে পারেননি। তিনি বলেন, যখন শাপলার শহীদ ও মজুরি আন্দোলনের শহীদদের নিয়ে কাজ করতে চেয়েছি, তখন আমরা অনেক পরিবারের অভিজ্ঞতা শোনার সুযোগ পেয়েছি। সেই স্মৃতিগুলো অত্যন্ত বেদনাদায়ক। আসিফ মাহমুদ শ্রমিক ও আন্দোলনে নিহতদের সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের শহীদদের যথাযথ সম্মান জানানো না হলে আগামী দিনে আর কেউ দেশের জন্য জীবন দিতে এগিয়ে আসবে না। তিনি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী আমাদের সতর্ক করে বলেছেন, সীমান্ত এলাকায় উগ্রবাদী গোষ্ঠীগুলো আরো শক্তিশালী হয়ে উঠছে। তাই আগামী দিনের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
প্রতিবেদকের নাম 






















