
এ কে এম মাজেদুল আলম ইভান , মাগুরা:
বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে এক প্রেস ব্রিফিং ১৩মে ২০২৬ বেলা ১১ টায় । জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ নানা উন্নয়ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়। তবে এ আয়োজনকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সমাজের একাংশের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলার সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিত না করেই সীমিত পরিসরে প্রেস ব্রিফিং সম্পন্ন করেছে জেলা তথ্য অফিস। বঞ্চিত সাংবাদিকদের দাবি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ এমন গুরুত্বপূর্ণ একটি আয়োজনের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে সমন্বয়হীনতা ও বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন জেলার সব গণমাধ্যমকর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি এবং কোন প্রক্রিয়ায় অতিথি তালিকা নির্ধারণ করা হয়েছে।
সাংবাদিকদের মতে, সরকারের ইতিবাচক কার্যক্রমের সঠিক প্রচার নিশ্চিত করতে হলে সকল গণমাধ্যমকে সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় তথ্যপ্রবাহে অসমতা তৈরি হওয়ার পাশাপাশি সরকারের বার্তা জনগণের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছানো ব্যাহত হতে পারে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সকল সাংবাদিককে সমানভাবে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, সরকারি প্রচার কার্যক্রমে যেন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জেলা তথ্য অফিসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 























