
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় চলন্ত বাসে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ২৮ জুন (রোববার) সকালে মহাসড়কের একটি অস্থায়ী চেকপোস্টে ঢাকাগামী ‘পাপিয়া ট্রান্সপোর্ট’-এর দুটি পৃথক বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা ও বর্তমানে গাজীপুরের টঙ্গীর বাসিন্দা আঞ্জু বেগম (৪৫) এবং ঢাকার দারুস সালাম থানা এলাকার বাসিন্দা মৌসুমী (৩৪)। হাইওয়ে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা রিজিয়নের নির্দেশনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একটি বিশেষ দল ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয়।
সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুটি পৃথক বাসে তল্লাশিকালে ওই দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় (বডি ফিটিং) আঞ্জু বেগমের কাছ থেকে চার কেজি এবং মৌসুমীর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়ক দিয়ে মাদকের চোরাচালান বন্ধে হাইওয়ে পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবেদকের নাম 


















