
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল সে। শুক্রবার সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শুক্রবার (২৭ নভেম্বর)সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। খবর পেয়ে সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।নিহতের বাবা নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জারভ্যান কিনে দেন। বৃহস্পতিবার সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি।নজরুল ইসলামের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##
প্রতিবেদকের নাম 



















