
মীর আমিনুল ইসলাম বুলবুল: স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগের সাধারণ মানুষের ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। উন্নতমানের রোগ নির্ণয় যন্ত্র অচল থাকা এবং প্রয়োজনীয় ফিল্ম ও ওষুধের দীর্ঘমেয়াদী সংকটের কারণে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। নিরুপায় হয়ে দরিদ্র রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে বাড়তি খরচে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন অন্ধকারে রোগী ও স্বজনরা হাসপাতালের রেডিওলজি বিভাগে রোগীদের সবচেয়ে বড় ভরসা ছিল সিটি স্ক্যান। কিন্তু দীর্ঘদিন ধরে এই মেশিনটি অচল হয়ে পড়ে আছে। ফলে জরুরি প্রয়োজনে আসা রোগীদের মস্তিস্কের আঘাত বা অভ্যন্তরীণ জটিল সমস্যার দ্রুত ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে না। সরকারি হাসপাতালে এই সেবা না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হতে হচ্ছে, যেখানে একই পরীক্ষার জন্য গুণতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। এক্স-রে ফিল্মের সংকট ও দুর্ভোগ সিটি স্ক্যানের পাশাপাশি সাধারণ এক্স-রে সেবা নিয়েও দেখা দিয়েছে তীব্র সংকট। দীর্ঘ সময় ধরে এক্স-রে ফিল্মের সরবরাহ না থাকায় জরুরি বিভাগের রোগীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীরা হাসপাতালে এসেও খালি হাতে ফিরছেন অথবা বাইরে থেকে ফিল্ম কিনে আনতে বাধ্য হচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ফিল্মের অভাবে সঠিক সময়ে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না, যা চিকিৎসায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের স্টোরে পর্যাপ্ত জীবন রক্ষাকারী ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব প্রকট আকার ধারণ করেছে। হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও অধিকাংশ রোগীকে প্রেসক্রিপশন নিয়ে ছুটতে হচ্ছে বাইরের ফার্মেসিতে।
বিশেষ করে নিম্ন আয়ের রোগীদের জন্য এই বাড়তি ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে সেবা পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে তারা এখানে আসেন। কিন্তু ভর্তির পর একেকটি পরীক্ষার জন্য যখন বাইরে যেতে বলা হয়, তখন তাদের আর কোনো উপায় থাকে না। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি স্ক্যান মেশিন মেরামতের জন্য টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে যন্ত্রাংশ জটিলতার কারণে এটি ঠিক হতে কিছুটা সময় লাগতে পারে। অন্যদিকে, কেন্দ্রীয়ভাবে সরবরাহ কম থাকায় ওষুধ ও ফিল্মের সংকট তৈরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি নিয়মিত জানানো হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ময়মনসিংহ অঞ্চলের লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অবিলম্বে মমেক হাসপাতালের এই সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
প্রতিবেদকের নাম 


















