
আন্তর্জাতিক ডেক্সঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ আরও অন্তত ছয় মাস গড়াতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেটা। একই সঙ্গে তিনি আশঙ্কা করেছেন, এই সংঘাত ইরাক ও আফগানিস্তানের মতো আরেকটি দীর্ঘস্থায়ী বা ‘চিরন্তন যুদ্ধে’ পরিণত হতে পারে। সোমবার দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পানেটা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে এমন এক অচলাবস্থায় রয়েছে, যেখান থেকে যুদ্ধ শেষ করার কার্যকর পথ খুব কমই দেখা যাচ্ছে। তার মতে, কোনো সমাধান ছাড়াই সংঘাত আরও ছয় মাস চলার যথেষ্ট আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের মতো ইরান সংঘাতও ব্যর্থ মধ্যপ্রাচ্যীয় যুদ্ধে রূপ নিতে পারে। তার আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর শেষ কোথায় এবং কীভাবে হবে, সে বিষয়ে ওয়াশিংটনের সামনে স্পষ্ট কোনো পরিকল্পনা নাও থাকতে পারে।
পানেটার মতে, দীর্ঘস্থায়ী এই সামরিক অচলাবস্থা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছেও দুর্বলতার বার্তা দিচ্ছে। তিনি বলেন, পেন্টাগনের নেতৃত্ব ও কমান্ড কাঠামোয় চলমান অস্থিরতা মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে প্রতিপক্ষদের মধ্যে প্রশ্ন তৈরি করতে পারে। তিনি আরও বলেন, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দেশের মোকাবিলায় যুক্তরাষ্ট্র এমন একটি সময়ে রয়েছে, যখন সামরিক বাহিনীকে দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে রাখার বিষয়টি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন সেনাদের দীর্ঘ সময় ধরে মোতায়েন রাখার ফলে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে বলে তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালির অচলাবস্থাও সংঘাতকে আরও জটিল করে তুলেছে। পানেটা মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন যুদ্ধ চালিয়ে যাওয়া, সেখান থেকে সরে আসা কিংবা হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো কঠিন কয়েকটি বিকল্প রয়েছে। তবে যুদ্ধ কীভাবে শেষ করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না।
পানেটা আরও বলেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ওপর অনেক মার্কিন নাগরিকের আস্থা কমেছে। সাম্প্রতিক জনমত জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক আমেরিকান এই সংঘাতকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং যুদ্ধের বিরোধিতা করছেন। তবে পেন্টাগন পানেটার এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল দাবি করেছেন, প্রতিরক্ষা দপ্তর পুরো সক্ষমতা নিয়ে কাজ করছে এবং সেখানে বিশৃঙ্খলা চলছে—এমন ধারণা ভিত্তিহীন। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা
প্রতিবেদকের নাম 






















