
বরিশাল প্রতিবেদকঃ একসময় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ অন্তত দুই ডজন নৌ-রুটে লঞ্চ চলাচল করত। সময়ের সঙ্গে সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নদীতে নাব্য সংকটের কারণে কমেছে নৌপথের গুরুত্ব। বর্তমানে হাতেগোনা কয়েকটি রুটে লঞ্চ চলাচল করছে। তবে শুকনো মৌসুম শুরু হতে না হতেই এসব রুটেও দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। কোথাও চর জেগে উঠেছে, কোথাও নদীর গভীরতা নেমে এসেছে তিন ফুটে। এতে লঞ্চ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি একের পর এক রুট বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নাব্য সংকটের কারণে প্রায়ই নদীতে আটকে যাচ্ছে লঞ্চ। কোনো কোনো রুটে গন্তব্যের টার্মিনালে পৌঁছাতে না পেরে কয়েক কিলোমিটার আগেই যাত্রী নামিয়ে দিতে হচ্ছে। পরে ট্রলারে করে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রীদের দুর্ভোগ।
তথ্যমতে, বর্তমানে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট, ইলিশা, মজুচৌধুরীর হাট, ভেদুরিয়া, শ্রীপুর ও চরমহিষাসহ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করছে। এর মধ্যে বরিশাল-পাতারহাট-মজুচৌধুরীর হাট রুটের অবস্থা সবচেয়ে নাজুক। এ রুটের অধিকাংশ লঞ্চ এখন পাতারহাট পর্যন্ত যাত্রী পরিবহণ করছে। দু-একটি লঞ্চ জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলাচল করছে। কয়েক দিন আগে এমভি রাজপাখি নামে একটি লঞ্চ যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাট যাওয়ার পথে কাটাখালি চ্যানেলে ছয় ঘণ্টা আটকে ছিল। চ্যানেলের অধিকাংশ স্থানে চর জেগে ওঠায় জোয়ার ছাড়া লঞ্চ চলাচল কঠিন হয়ে পড়েছে। নাব্য সংকটের কারণে মজুচৌধুরীর হাট টার্মিনাল পর্যন্ত কোনো লঞ্চ পৌঁছাতে পারছে না। প্রায় সারা বছরই টার্মিনাল থেকে পাঁচ কিলোমিটার দূরে নদীতে লঞ্চ থামিয়ে ট্রলারে যাত্রী পারাপার করতে হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। এ রুটের মাছকাটা নদীসহ কয়েকটি স্থানেও রয়েছে নাব্য সংকট। বরিশাল-ভোলা রুটেও একই পরিস্থিতি। কীর্তনখোলা নদী পার হলেই বিভিন্ন স্থানে নাব্য সংকটে পড়ছে লঞ্চ। টুঙ্গিবাড়িয়া মোড়, চরবাড়িয়া বিশ্বাসের হাট, সাহেবেরহাট খাল ও ভাঙা ব্রিজ এলাকায় পানির গভীরতা কমে দাঁড়িয়েছে আড়াই থেকে তিন ফুটে।
অথচ একটি লঞ্চ চলাচলের জন্য কমপক্ষে ছয় ফুট গভীরতা প্রয়োজন। শ্রীপুর থেকে ভেদুরিয়া পর্যন্তও রয়েছে নাব্য সংকট। এতে সময় বেশি লাগায় নৌপথে যাত্রী কমছে। এমনিভাবে অধিকাংশ রুটেই নাব্য সংকট দেখা দিয়েছে। বরিশাল-ভোলা রুটের এমভি তৃণার মাস্টার মো. রাকিব বলেন, শীত শুরু হওয়ার আগেই নাব্য সংকট চরমে উঠেছে। এখনই ড্রেজিং না করলে যাত্রী পরিবহণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বরিশাল-মজুচৌধুরীর হাট রুটের এমভি পারিজাতের মালিক কাজী ওয়াহেদ বলেন, এ রুটের গলার কাঁটা কাটাখালি চ্যানেল। এর গভীরতা বাড়ানো না হলে বর্তমানে যে কয়েকটি লঞ্চ চলছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে। বরিশাল নদীবন্দরের বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নাব্য সংকটপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত ড্রেজিং চলছে। এর বাইরে কোথাও ড্রেজিংয়ের প্রয়োজন হলে জানালে সংশ্লিষ্ট ড্রেজিং বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 



















