
লিটন ত্রিপুরা, রুমা প্রতিনিধি: রুমা (বান্দরবান): পাহাড়ি উপজেলা রুমায় বিদ্যুৎ বিভ্রাট এখন নিত্যদিনের সঙ্গী। ঘণ্টার ব্যবধানে ৩-৪ বার আসা-যাওয়া করছে বিদ্যুৎ। আর সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই, ঘণ্টার পর ঘণ্টা এমনকি পুরো দিন বিদ্যুৎহীন থাকছে গোটা উপজেলা। সঞ্চালন লাইনের অব্যবস্থাপনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সৃষ্ট এই ভোগান্তিতে স্থানীয় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎতের খুঁটি (পিলার) এবং মূল সঞ্চালন তারগুলো লতাপাতা ও আগাছায় ঢেকে গেছে। দীর্ঘদিন সংস্কার বা পরিষ্কার না করায় অনেক জায়গায় গাছের ডালপালা তারের ওপর ঝুলে আছে। বিদ্যুতের তারে দেখা দিয়েছে জট। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই এসব ডালপালার কারণে লাইনে ত্রুটি দেখা দেয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি সময়মতো পিলারের চারপাশ পরিষ্কার করা হতো এবং ঝুলে থাকা ডালপালাগুলো ছাঁটাই করা হতো, তবে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা অনেকাংশেই কমে আসত। এই ছোট ছোট সমস্যাগুলো দ্রুত সমাধান না করায় পুরো উপজেলাকে দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হচ্ছে।
বিদ্যুৎহীনতার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এই অসহনীয় ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা দ্রুত সংস্কারে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন রুমাবাসী। তারা মনে করছেন, দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে জনজীবনে স্বস্তি ফিরবে।
প্রতিবেদকের নাম 


















