
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি কারিগরি ইন্সটিটিউট এর একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষ এখন মাদকসেবী, বখাটে ও বহিরাগতদের নিরাপদ আড্ডাস্থলে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কক্ষে কোনো পাঠদান না থাকায় এবং তা অরক্ষিত পড়ে থাকায় সেখানে অসামাজিক কর্মকাণ্ড বেড়েই চলেছে, যা শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্জন এই শ্রেণিকক্ষটির মেঝেতে মাদক সেবনের সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, দিন-রাত সমানতালে সেখানে অপরিচিত বহিরাগত ও এলাকার বখাটে যুবকদের আসা-যাওয়া চলে। কেউ প্রতিবাদ করতে গেলে বা বাধা দিতে গেলে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। ফলে নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এছাড়া স্থানীয়রা জানান, মাদকসেবী ও বখাটেদের এই অবাধ যাতায়াতের কারণে এলাকায় চোরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আশেপাশের বসতবাড়ি ও প্রতিষ্ঠানে ছোটখাটো চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগে রয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম রনি বলেন এলাকার বখাটে যুবকরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দরজা জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মাদক সেবনের আড্ডাখানা গড়ে তুলেছে। তিনি বিষয়টির প্রতিকারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া হক বিথি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে মাদকসেবীদের এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত কক্ষটি দখলমুক্ত ও ব্যবহার উপযোগী করার পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে শিক্ষার পরিবেশ কোনোভাবেই নষ্ট না হয়।” অভিভাবকদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ ধরনের মাদক, চোর ও বখাটেদের আখড়া গড়ে ওঠা কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সামগ্রিক নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ। সচেতন মহল মনে করছেন, দ্রুত এই চক্র উচ্ছেদ না করা হলে এলাকার কিশোর ও তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়বে এবং শান্তিময় পরিবেশ বিনষ্ট হবে। এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকেরা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত পরিত্যক্ত কক্ষটি পরিষ্কার করে ব্যবহারযোগ্য করা এবং এলাকায় পুলিশি টহল বাড়িয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















