
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫৯নং পূর্ব মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের. অনিয়মের সংবাদ প্রকাশের পর তিন শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীমা সুলতানা এ ব্যবস্থা গ্রহণ করেন।
শোকজপ্রাপ্ত শিক্ষিকারা হলেন—সহকারী শিক্ষিকা শামীমা খাতুন, মোছাঃ তামান্না খাতুন এবং মোছাঃ পপি খাতুন। গত ১৯ এপ্রিল (রোববার) “দৈনিক আজকের জনবাণী” পত্রিকায় ‘সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষিকা নিয়মিত দেরিতে আসছেন, যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষিকা শামীমা খাতুন সকাল ৯টা ২০ মিনিটে, তামান্না খাতুন ৯টা ৩২ মিনিটে এবং পপি খাতুন ৯টা ৫০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার নিয়ম রয়েছে।
সংবাদ প্রকাশের পর সোমবার (২০ এপ্রিল) উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং সংশ্লিষ্ট তিন শিক্ষিকাকে শোকজ নোটিশ প্রদান করেন।
তিনি বলেন, “আমার দায়িত্বাধীন প্রতিটি বিদ্যালয়ে নজরদারি থাকবে। কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়ে অনিয়মের তথ্য জানাতে উৎসাহ দেন।
বিদ্যালয়ে বর্তমানে ২০৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কিছু শিক্ষক প্রায়ই দেরিতে আসেন, যার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান বলেন, “মাঝেমধ্যে কিছুটা দেরি হয়, তবে প্রতিদিন নয়।”
ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















