
এম. আজাদ খাঁন, স্টাফ রিপোর্টার (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনাই নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গাংনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ ও নদীর ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা সরকারি আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।অভিযানকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধে নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















