
মো: মনিরুজ্জামান ব্যুরো চিফ, রংপুর বিভাগ: রংপুর নগরীর টার্মিনাল এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই তরুণ ও দুই তরুণীসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাফে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশের দাবি, রেস্টুরেন্টটিতে খাবার পরিবেশনের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রেস্টুরেন্টটির ম্যানেজারসহ পাঁচজনকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর টার্মিনাল এলাকায় অবস্থিত ক্যাফে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টকে ঘিরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম বলেন, “ক্যাফে গ্রিন ভ্যালি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 


















