
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
অনৈতিক উপায়ে রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দেওয়ার অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্ত হলেন কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিবন্ধন সহকারী মো. ইসমাইল হোসেন। প্রতারণার মাধ্যমে ভুয়া সনদ তৈরির দায়ে টানা সাত মাস জেল খাটার পর এবার চাকরিও হারালেন তিনি। রোববার রাতে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার তাকে বরখাস্ত করে আদেশ জারি করেন, যা সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বিষয়টির তদন্ত পরিচালনা করেন। গত ১২ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ইসমাইল হোসেনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’-এর দায়ে চাকরিচ্যুত করা হয়। অফিস আদেশে স্পষ্ট করা হয়েছে যে, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি নিয়ম অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন এবং এই শাস্তির বিষয়টি তার চাকরি বহিতে স্থায়ীভাবে উল্লেখ থাকবে। বরখাস্তের বিষয়ে বক্তব্য জানার জন্য তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল ধরেননি।
প্রতিবেদকের নাম 

















