
শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের মধ্যে দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন লালপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















