
মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতার উসমান গনী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।
আটোয়ারী থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন ১০(১২)(৮)(৯)/৩(১১)(১৩) ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানার মামলা নম্বর ১৭/২৯-১০-২০২৬ বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। গ্রেফতারের পর তাকে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান বলেন, উসমান গনীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 


















