
মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ কালিহাতি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনের শুরুতে তিনি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন পরামর্শ দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরপর তিনি আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধে শিক্ষক-শিক্ষিকাদের আরও বেশি সক্রিয় ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম, ভূমিসেবার মান, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 


















