
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার, তারাকান্দি রেলস্টেশন এলাকায়, ভয়াবহ বজ্রপাতে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ মে) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের, তারাকান্দি রেলস্টেশন সংলগ্ন পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী কোহিনুর মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দি রেলস্টেশন এলাকায় কহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। প্রতিদিনের মতো ভোরে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে এবং বজ্রটি দোকানের পড়ে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান: মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো দোকান। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লাখ টাকা।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মুদি দোকানদার কহিনুর মিয়া বলেন, “একমাত্র দোকানই ছিল আমার আয়ের উৎস। সেটিও বজ্রপাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেলো। পরিবার-পরিজন নিয়ে চলার মতো কোনো সম্বল আর রইলো না। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে দোকানটি পুড়ে ব্যবসায়ী কহিনুর মিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে জরুরি সহায়তা পেলে এই অসহায়ের দোকানটি আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 



















