
এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসে নতুন সার্ভেয়ার হিসেবে হৃদয় চন্দ্র ঘোষ যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে রায়পুর উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে বদলি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।দাপ্তরিক পরিচিতির তথ্য অনুযায়ী, হৃদয় চন্দ্র ঘোষ এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ভূমি অফিসে কানুনগো (ভারপ্রাপ্ত) ও সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।এদিকে, রায়পুর উপজেলা ভূমি অফিসে নতুন সার্ভেয়ারের যোগদানকে ঘিরে ভূমিসেবা প্রত্যাশীদের মধ্যে আশার সৃষ্টি হয়েছে।
তাঁদের প্রত্যাশা, নতুন সার্ভেয়ার দায়িত্ব গ্রহণের ফলে ভূমি-সংক্রান্ত নামজারি, নালিশি ভূমির সরেজমিন তদন্তের প্রতিবেদন তৈরি ও অন্যান্য দাপ্তরিক কাজে গতিশীলতা আসবে। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি ও অযথা হয়রানি কমবে।স্থানীয় ভূমিসেবা প্রত্যাশীদের মতে, স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করা হলে সাধারণ মানুষ আরও সহজে ভূমিসেবা পাবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সার্ভেয়ারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে রায়পুর উপজেলা ভূমি অফিসের ভূমিসেবা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রতিবেদকের নাম 



















