
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু পুমকারা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে জুনায়েদ (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ইমরান, জুনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ইমরান ও জুনায়েদ পানির গভীরে তলিয়ে যায় এবং দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় সাথে থাকা বাইজিদ চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয় ইয়াসিন মিয়া নামে এক লোক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুরে নেমে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এবং পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদকের নাম 


















