
মোঃ রাসেল মিয়া,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার উড়ালসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কোনাবাড়ী এলাকা থেকে একই পরিবারের তিনজন মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 


















