
মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামক এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার (৮ নভেম্বর ) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মৃত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।
মৃত ইয়াছিনের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ।
শিশুটির বাবা জিতু বলেন, আমার অবুঝ ছেলের সাথে বা আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই। কারো প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে তার মৃত্যু হয়। কাহারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রোববার সকালে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 



















