
এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার কক্সবাজার
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া চকরিয়ার কৃতি সন্তান আহসান হাবিবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন তাঁর ছোট ভাই মোহাম্মদ রায়হান ও চাচা মোহাম্মদ মাসউদ ছিদ্দিকী। প্রিয়জনকে হারানোর বেদনা প্রকাশের পাশাপাশি তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মোহাম্মদ রায়হান তাঁর পোস্টে লেখেন, আহসান হাবিব ছিলেন তাঁর জীবনের অন্যতম শক্তির জায়গা। দুই বছর পেরিয়ে গেলেও বড় ভাইকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। ভাইয়ের হাসিমাখা মুখ আজও প্রতিনিয়ত তাঁর চোখে ভাসে উল্লেখ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে তাঁকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা জানান।
একই পোস্টে তিনি দাবি করেন, ঘটনার দুই বছর অতিবাহিত হলেও এখনো হত্যাকারীদের শনাক্ত করা হয়নি। পাশাপাশি পরিবারের হাতে এখনো ময়নাতদন্তের প্রতিবেদন পৌঁছেনি বলেও অভিযোগ করেন। তিনি সরকারের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে, মোহাম্মদ মাসউদ ছিদ্দিকী তাঁর পোস্টে ১৮ জুলাই ২০২৪ সালের সেই মর্মান্তিক দিনের স্মৃতিচারণ করে লেখেন, “আমার ভাইপো আহসান হাবিব গলায় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই আমার চোখের সামনে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।” তাঁর এই স্মৃতিচারণে সেই দিনের বেদনাবিধুর মুহূর্ত আবারও উঠে এসেছে।
দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে স্বজনদের এসব আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একই সঙ্গে তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।
প্রতিবেদকের নাম 



















