
মোঃরাসেল বিশেষ প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার’ পদে নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ একই পরিবারের একাধিক সদস্যকে মনোনীত করার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।আজ ২৯ জুলাই ২০২৬ তারিখে লামা উপজেলাবাসীর পক্ষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তথ্য সংগ্রহকারী ও ছাত্রদল নেতা ইমন শরীফ এই অভিযোগপত্রটি জমা দেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিগত ২২/০৭/২০২৬ ইং তারিখের বিজ্ঞপ্তির আলোকে গত ২৮/০৭/২০২৬ ইং তারিখে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, চূড়ান্ত তালিকায় অর্ধেকেরও বেশি সদস্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের পরিবারের সদস্য। শুধু তাই নয়, একই পরিবার থেকে একাধিক সদস্যকে চাকরি দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।অভিযোগকারী আরও জানান, যারা জাতীয় সংসদ নির্বাচনের সময় ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার ও বিরোধিতা করেছিল, তাদেরকেই চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশের পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক সমালোচনা ও ঝড় বয়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে, সাধারণ ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত না করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সাথে, বিতর্কিত এই চূড়ান্ত তালিকাটি অবিলম্বে স্থগিত করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং একই পরিবারের একাধিক মনোনীত সদস্যদের বাদ দিয়ে যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে জোর দাবি জানানো হয়েছে।জানা গেছে, এই অভিযোগপত্রের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, ৩০০ নং বান্দরবান আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী এবং বান্দরবানের জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















