
অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১১৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাঁর কাছ থেকে মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) এসআরবি-৫, রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী দমন, ছিনতাই, অপহরণ, ধর্ষণ, ভেজাল পণ্য এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান পরিচালনা করে এসআরবি-৫-এর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল।
অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের লালদিঘী গ্রামে অবস্থিত লালদিঘী জামে মসজিদের উত্তর পাশে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাকা সড়ক এলাকায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল হোসেন (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম এনামুল হক এবং মায়ের নাম তানজিলা।
এসআরবি সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল হোসেন উদ্ধার করা ইয়াবা সংরক্ষণ ও বিভিন্ন উপায়ে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















