
মীর আমিনুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ : মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁদ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন থেকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব, এর সামাজিক ও পারিবারিক পরিণতি এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মাদকবিরোধী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 


















