
আনছারুল হক,স্টাফ রিপোর্টার, নীলফামারী: জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে খুনিদের বিচার নিশ্চিত, ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে আজ (২১ শে জুলাই) মঙ্গলবার রাত ৮টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব জনাব আখতার হোসেন (এমপি), মুখ্য সমন্বয়ক জনাব মো. সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক জনাব মো. নাসিরুদ্দিন পাটোয়ারী। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। খুনিদের বিচার নিশ্চিত করে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ন্যায়বিচার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। তারা আরও বলেন, মাদক দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবার মানের অবনতি হয়েছে। সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ও সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম দূর করে জবাবদিহিতা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থান। সেই চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করে যাবে বলেও জানান তারা। আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এনসিপির নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নের ইনসাফভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ
প্রতিবেদকের নাম 


















