
মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়, চাঁদপুরে তাঁর বিরুদ্ধে মামলা (মামলা নং-০৪, তারিখ: ১০-০৯-২০২৪) দায়ের করে, যা পরবর্তীতে স্পেশাল মামলা নং-০৫/২০২৪ হিসেবে বিজ্ঞ আদালতে গৃহীত হয়।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় দায়ের করা এই মামলায় তাঁর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা জারি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশে গত ২৩ জুলাই ২০২৬ তারিখে তাঁকে চাঁদপুরের জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি অদ্যাবধি কারাগারে আটক রয়েছেন।
কারাগারে বন্দি থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—‘যেহেতু জনাব মিল্টন দস্তিদার অদ্যাবধি চাঁদপুর জেলা কারাগারে আটক রয়েছেন, সেহেতু বিএসআর (BSR) পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট (২) অনুযায়ী তাকে কারাগারে প্রেরণের তারিখ অর্থাৎ ২৩ জুলাই ২০২৬ খ্রি. হতে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’
অফিস আদেশে আরও স্পষ্ট করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন। এছাড়া মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর তিনি তাঁর মূল কর্মস্থলে যোগদান করবেন এবং বিধি অনুযায়ী অবমুক্ত হয়ে পরবর্তী বদলিকৃত বা সংযুক্ত পদে দায়িত্ব পালন করবেন। এই বরখাস্তের আদেশ ২৩ জুলাই ২০২৬ তারিখ থেকে বকেয়া হিসেবে কার্যকর গণ্য করা হয়েছে। ইতিমধ্যে এই আদেশের অনুলিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, চাঁদপুর ও বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি), সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















