
মোঃ আলমগীর হোসাইন,কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন আহলে হাদিস অনুসারী মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকালে জেলার রৌমারী ও ফুলবাড়ী উপজেলাসহ অন্তত ছয়টি গ্রামের কয়েকশ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানিও সম্পন্ন করেন তারা। ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মো. ছমির ব্যাপারীর বাড়ির মসজিদে সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ। জামাতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। অন্যদিকে, ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মালেক। এতে প্রায় ৬০ জন মুসল্লি অংশগ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আগাম ঈদের সব জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জামাত চলাকালে থানা পুলিশের পাশাপাশি ডিএসবির সদস্যরাও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ী, রৌমারী, ভূরুঙ্গামারী, চিলমারী ও চর রাজীবপুর উপজেলার কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরেই আহলে হাদিস অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন।
প্রতিবেদকের নাম 



















