
ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: মৎস্য সম্পদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২৮৫ দশমিক ৭১ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মৎস্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে পোনা অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের চেষ্টা চলছে। মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, ‘শুধু পোনা অবমুক্ত করলেই হবে না, জলাশয়ও রক্ষা করতে হবে।’ জলাশয়ে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি মাছের প্রজনন ও বিচরণ উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। জলাশয় রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সিরাজগঞ্জকে মৎস্য উৎপাদনে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।
জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান বাবু বলেন, জেলে ও মৎস্যজীবীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পোনা অবমুক্তকরণের মতো উদ্যোগ মৎস্যজীবীদের আয় ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। মৎস্যজীবীদের ন্যায্য অধিকার আদায়েও তারা কাজ করে যাবেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















